নতুন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ উদ্দিন মিয়া
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি চুক্তিভিত্তিক নিয়োগে এ দায়িত্ব পালন করবেন।
শনিবার ১৪ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
একই সঙ্গে বিদ্যমান মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৪ সালের ৮ অক্টোবরের প্রজ্ঞাপন অনুযায়ী ড. শেখ আব্দুর রশীদকে যে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল, তা জনস্বার্থে অবিলম্বে বাতিল করা হলো।
সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা আদেশে বলা হয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্ত এম সিরাজ উদ্দিন মিয়া পূর্বের দায়িত্বের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগে অনুলিপি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ড. শেখ আব্দুর রশীদকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসনের গুরুত্বপূর্ণ এ পদে আবারও পরিবর্তন এলো।
বাংলাদেশ থেকে আরো পড়ুন