বাংলাদেশ

‘এ বিজয় গণতন্ত্রের’ নিরঙ্কুশ জয়ের পর ঐক্যের ডাক তারেক রহমানের

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:৩১

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই বিজয় কোনো একক দলের নয়, এটি গণতন্ত্রের বিজয় এবং গণতন্ত্রকামী মানুষের বিজয়।

শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের জনগণ সব প্রতিবন্ধকতা অতিক্রম করে বিএনপিকে যে আস্থা ও সমর্থন দিয়েছে, তার জন্য তিনি কৃতজ্ঞ। তার ভাষায়, দীর্ঘ সময় পর জনগণের প্রত্যক্ষ ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়েছে।

তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রতিষ্ঠান এবং চ্যালেঞ্জপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকারকে যাত্রা শুরু করতে হবে। তবে জনগণের শক্তিই হবে সামনে এগিয়ে যাওয়ার মূল ভিত্তি।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, জাতীয় ঐক্যই দেশের সবচেয়ে বড় শক্তি। বিভাজন নয়, সমঝোতা ও সহমর্মিতার ভিত্তিতে দেশ গঠনের আহ্বান জানান তিনি। নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে বলেন, সরকার ও বিরোধীদল উভয়ের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে।

বিজয় উদযাপনে শান্ত ও সংযত থাকার জন্য দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি।

ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। শরিক দলগুলো পেয়েছে আরও তিনটি আসন।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপি চেয়ারম্যান।

বাংলাদেশ থেকে আরো পড়ুন