বাংলাদেশ

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপি ক্ষমতায় এসেছে: এনসিপি মুখপাত্র আসিফ

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ০৩:২৫

গভীর রাতে সংবাদ সম্মেলনে বক্তব্য লাখছেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, বিএনপি আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে ক্ষমতায় এসেছে।

শুক্রবার রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনি ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ দাবি করেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিভিন্ন এলাকায় বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে এবং এ প্রক্রিয়ায় বিএনপির নেতাকর্মীরা ভূমিকা রাখছেন। তার ভাষ্য, এতে দুই দলের মধ্যে সমঝোতার ইঙ্গিত মিলছে। তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের আশ্বাস দিয়েই বিএনপি নির্বাচনে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে।

আইনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম চালুর সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এনসিপির এই নেতা।

ভোট কারচুপির অভিযোগ

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, একাধিক আসনে ভোট কারচুপির মাধ্যমে এনসিপিকে পরাজিত করা হয়েছে। তিনি বলেন, জোটবদ্ধভাবে ৩০টি আসনে অংশ নিয়ে ছয়টিতে জয় এলেও অন্তত তিনটি আসনে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।

ঢাকা-৮ ও পঞ্চগড়-১ আসনসহ কয়েকটি এলাকায় অনিয়মের অভিযোগ তুলে তিনি জানান, এসব আসনে পুনর্গণনার আবেদন নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের পর এনসিপির প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। গভীর রাতে ফলাফল ঘোষণা এবং রেজাল্ট শিটে কাটাকাটির মাধ্যমে ফল বদলের অভিযোগও তোলেন তিনি।

প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন

আসিফ মাহমুদ দাবি করেন, বিএনপিকে বিপুল আসনে জয়ী দেখাতে প্রশাসন ও গোয়েন্দা সংস্থার একটি অংশ ফলাফল প্রভাবিত করেছে। পাশাপাশি তিনি জুলাই সনদ বাস্তবায়ন ও সম্ভাব্য সাংবিধানিক পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, জনগণের ম্যান্ডেট বিকৃত করার কোনো ষড়যন্ত্র সফল হবে না।

তবে এ বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বায়ান্ননিউজ২৪/সৈকত

বাংলাদেশ থেকে আরো পড়ুন