দেশে হাম পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করা হয়েছে, বাকি ৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ১৩ এপ্রিল সকাল ৮টা থেকে ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ১০৫ শিশু। এছাড়া নতুন করে ১৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১৬৪ জনের।
এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১৮ হাজার ২৩১ জন হাসপাতালে আসে। তাদের মধ্যে ১১ হাজার ৬৫২ জনকে ভর্তি করা হয়। পরীক্ষায় ২ হাজার ৮৯৭ জনের হাম শনাক্ত হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৩০৪ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা শিশুদের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন