পাকিস্তানের সিন্ধ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার করাচির পার্শ্ববর্তী কাথোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাতে জানা যায়, একটি তেলবাহী ট্যাংকার, যাত্রীবাহী বাস এবং আরও কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষের পর হতাহতের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি ভুল লেনে প্রবেশ করলে ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। উল্টে যাওয়া ট্যাংকারটি একটি যাত্রীবাহী ভ্যানের ওপর পড়ে। একই সময় একটি প্রাইভেটকারও ক্ষতিগ্রস্ত হয়।
উদ্ধার সংস্থার মুখপাত্র হাসান উল হাসীব জানান, নিহতদের মধ্যে তিন নারী ও চার শিশু রয়েছেন। মরদেহগুলো নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ট্যাংকার থেকে জ্বালানি তেল রাস্তায় ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও ভারী ক্রেন মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনাস্থলে আগুন লাগার ঝুঁকি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সিনিয়র সুপারিন্টেনডেন্ট অব পুলিশ আব্দুল খালিক জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং যান চলাচল একটি লেনে সীমিত রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্তে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গতি, লেন শৃঙ্খলা না মানা এবং ভারী যানবাহনের নিরাপত্তা ত্রুটি বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। সিন্ধের এ দুর্ঘটনাও সেই শঙ্কাকেই আবার সামনে নিয়ে এলো।
বায়ান্ননিউজ২৪/চৈতী
বিশ্ব থেকে আরো পড়ুন