ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের বেসরকারি চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি পেয়েছে ২০৯টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি এবং এনসিপি জয় পেয়েছে ৬টি আসনে। বাকি আসনের ফল প্রক্রিয়াধীন রয়েছে।
ফলাফল প্রকাশের পর এখন মূল আলোচনায় নতুন সরকার ও মন্ত্রিপরিষদ গঠন। সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশন গেজেট প্রকাশের পর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এরপর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানাবেন।
সরকারি সূত্রে জানা গেছে, আগামী ১৬ ফেব্রুয়ারি নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। সবকিছু ঠিক থাকলে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। শপথ অনুষ্ঠানের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।
নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির সংসদ নেতা হচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনিই নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
এদিকে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকবে—এমনটাই রাজনৈতিক মহলে আলোচনা চলছে। আনুষ্ঠানিকভাবে বিরোধী দল নির্ধারণ ও সংসদের কার্যক্রম শুরু হওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দ্রুত সরকার গঠন এবং মন্ত্রিসভা ঘোষণা বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। নতুন সরকার অর্থনীতি, প্রশাসনিক সংস্কার এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর দেশবাসীর।
বায়ান্ননিউজ২৪/আবির
বাংলাদেশ থেকে আরো পড়ুন