বাংলাদেশ

বিশ্বমিডিয়ায় বাংলাদেশের নির্বাচন: নতুন রাজনৈতিক অধ্যায় নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষণ

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৫:৫০

বিশ্বমিডিয়ায় বাংলাদেশের নির্বাচন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হতেই বাংলাদেশের রাজনৈতিক পালাবদল আন্তর্জাতিক গণমাধ্যমে বড় করে স্থান পেয়েছে। ২০২৪ সালের ছাত্র–জনতার আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই নির্বাচনকে বিদেশি সংবাদমাধ্যমগুলো দেখছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণ হিসেবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিএনপির এগিয়ে থাকার চিত্র সামনে আসতেই বিশ্বমিডিয়ায় বিশ্লেষণ শুরু হয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কাতার ও ইউরোপভিত্তিক সংবাদমাধ্যমগুলো নির্বাচনের ফলাফল, তরুণ ভোটারদের ভূমিকা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সম্ভাব্য নীতিগত পরিবর্তন নিয়ে আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে প্রতিবেদন প্রকাশ করেছে।

এএফপি তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘নির্বাসন থেকে ক্ষমতায়: তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিতে প্রস্তুত’। ফরাসি বার্তা সংস্থাটি বলেছে, দীর্ঘ সময় দেশের বাইরে থাকার পর তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। প্রতিবেদনে তার বয়স, রাজনৈতিক অভিজ্ঞতা এবং অর্থনৈতিক পুনর্গঠনের প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে।

দ্য গার্ডিয়ান লিখেছে, ‘হাসিনার পতনের পর প্রথম নির্বাচনে বিএনপির জয় দাবি’। তারা এই নির্বাচনকে গণতন্ত্রের পরীক্ষার মঞ্চ হিসেবে উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর তুলনামূলক শান্তিপূর্ণ ভোটগ্রহণ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কাড়ে। একই সঙ্গে মানবাধিকার ও সুশাসনের প্রশ্ন সামনে থাকবে বলেও বিশ্লেষণে উল্লেখ করা হয়।

বিবিসি তাদের প্রতিবেদনে শিরোনাম দিয়েছে, ‘১৭ বছর নির্বাসনে থাকা এক ব্যক্তির নাটকীয় প্রত্যাবর্তন’। তারা তারেক রহমানের রাজনৈতিক উত্থান, দলের সাংগঠনিক পুনর্গঠন এবং তরুণ প্রজন্মের সমর্থনকে গুরুত্ব দিয়েছে। বিবিসি নির্বাচন দিবসে লাইভ আপডেট ও বিভিন্ন দলের প্রতিক্রিয়াও প্রচার করেছে।

রয়টার্স জানিয়েছে, ‘বিএনপির বিজয় ঘোষণা, তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী’। প্রতিবেদনে বিশেষভাবে জেন–জি ভোটারদের অংশগ্রহণ এবং সংবিধান সংশোধন সংক্রান্ত গণভোটের বিষয়টি তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগ ও অর্থনৈতিক নীতির ধারাবাহিকতা নিয়েও তাদের বিশ্লেষণ রয়েছে।

সিএনএন লিখেছে, ‘জেন–জিদের আন্দোলনের পর প্রথম নির্বাচনে বড় জয়’। তারা বলেছে, তরুণদের রাজনৈতিক সক্রিয়তা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক ভারসাম্যের ক্ষেত্রেও এই ফলাফল গুরুত্বপূর্ণ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অন্যদিকে আল–জাজিরা শিরোনাম করেছে, ‘বিএনপি জয় দাবি করেছে, জামায়াত সন্তুষ্ট নয়’। তারা জানিয়েছে, প্রধান বিরোধী শক্তি হিসেবে জামায়াত ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। একই সঙ্গে নির্বাচনী ব্যবস্থাপনা ও পর্যবেক্ষকদের প্রতিক্রিয়াও প্রতিবেদনে স্থান পেয়েছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক গণমাধ্যমের কভারেজ থেকে স্পষ্ট, বাংলাদেশের এই নির্বাচন কেবল অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন নয়, বরং আঞ্চলিক কূটনীতি, অর্থনীতি ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়েও বৈশ্বিক আগ্রহ তৈরি করেছে। এখন নজর থাকবে চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং নতুন সরকারের প্রথম নীতিগত পদক্ষেপের দিকে।

বায়ান্ননিউজ২৪/নিউজরুম এডিটর 

বাংলাদেশ থেকে আরো পড়ুন