ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। কমিশন জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এ দুই আসনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
শুক্রবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত সমাপনী ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, নির্ধারিত বিধি অনুসরণ করে ২৯৭টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিক ফল প্রকাশ কার্যক্রম শেষ হয়েছে।
ইসি সচিব আরও বলেন, চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪ আসনের বিষয়ে আইনগত ও প্রশাসনিক বিষয় পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
সমাপনী বক্তব্যে তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তার ভাষ্য, সবার সহযোগিতা ও ধৈর্যের মধ্য দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি শেরপুর ২, চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪ আসনের ফল ঘোষণা স্থগিত রেখে পৃথক চিঠি জারি করেছিল নির্বাচন কমিশন। আদালতে মামলা চলমান থাকায় সে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছিল। পরবর্তীতে শেরপুর ২ আসনের ফল ঘোষণা করা হলেও ওই আসনের গেজেট প্রকাশ আপাতত স্থগিত রাখা হয়েছে।
বায়ান্ননিউজ২৪/সৈকত
বাংলাদেশ থেকে আরো পড়ুন