ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। কেন্দ্রগুলোতে এখন চলছে ভোট গণনা। চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছে দেশবাসী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। তবে নির্ধারিত সময়ের আগে যারা কেন্দ্রের ভেতরে অবস্থান করছিলেন, তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় ৯ ঘণ্টা ভোটগ্রহণ চলে। সকাল থেকে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে দেখা যায়। নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানায়, দুপুর ২টা পর্যন্ত ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। ৫৯টি জালভোট এবং তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং এক লাখের বেশি সেনাসদস্য দায়িত্ব পালন করছেন।
ভোট গণনা শেষে ধাপে ধাপে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বায়ান্ননিউজ২৪/সৈকত
বাংলাদেশ থেকে আরো পড়ুন