বাংলাদেশ

ককটেল বিস্ফোরণের পর ব্যালট ছিনতাইয়ের চেষ্টা, ভোটগ্রহণ বন্ধ

প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১৫:০৩

ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর কেন্দ্রটিতে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে একদল ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র এলাকায় প্রবেশের চেষ্টা করে বলে জানা গেছে। দুপুর পৌনে ১টা পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ ছিল।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ওমর ফারুক জানান, বিস্ফোরণের পর কয়েকজন ব্যক্তি কেন্দ্রের ভেতরে ঢুকে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং পরিস্থিতি অস্থির করার চেষ্টা চালায়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নিরাপত্তার স্বার্থে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, একদল ব্যক্তি কেন্দ্র থেকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করেছিল। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। একজনকে আটকের খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ঘটনার পর কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন