নিহত বিএনপি নেতা
খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রের সামনে দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মধ্যে মহিবুজ্জামান কচি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। নগরের হাজী মহসিন রোড বাই লেনে তার বাসা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল ৮টার দিকে আলিয়া মাদরাসা একাডেমিক ভবন কেন্দ্রের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় হট্টগোলের একপর্যায়ে মহিবুজ্জামান কচি অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়।
খুলনা মহানগর বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল ও সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করেন, সকাল থেকেই কেন্দ্রে উত্তেজনা ছিল। তাদের দাবি, আলিয়া মাদরাসার অধ্যক্ষের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ধাক্কাধাক্কি হয় এবং এতে মহিবুজ্জামান কচি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এর ফলেই তার মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করেন।
তবে আলিয়া মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় কিছু নারী ভোটারকে কেন্দ্র এলাকা থেকে বের করে দেওয়া হচ্ছিল বলে দেখতে পান। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন, কাউকে ধাক্কা দেননি বলে দাবি করেন।
খুলনা ২ আসনে জামায়াতের প্রার্থী মো. জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক। তার দাবি, উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মহিবুজ্জামান কচি অসুস্থ হয়ে পড়েন এবং পরে তার মৃত্যু হয়। বিষয়টি পূর্বপরিকল্পিত নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে। এ বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
খুলনা ২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ঘটনার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থার দাবি জানান। তিনি বলেন, এ ঘটনায় খুলনায় বিএনপির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিওতে উত্তেজনার দৃশ্য দেখা গেলেও পড়ে যাওয়ার স্পষ্ট চিত্র এখনো পাওয়া যায়নি। বিএনপির পক্ষ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ ও চিকিৎসা সংক্রান্ত তথ্য পর্যালোচনা শেষে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
বায়ান্ননিউজ২৪/আসিফ
বাংলাদেশ থেকে আরো পড়ুন