প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১২:২৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করছিল। আজ সেই সুযোগ তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে, যা কাম্য নয়। তবে জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হন, তাহলে যেকোনও ধরনের ষড়যন্ত্র ব্যর্থ হবে।
নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণের সমর্থন পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
তারেক রহমান আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটই হচ্ছে জনগণের ইচ্ছা প্রকাশের প্রধান মাধ্যম। তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং জনগণের রায় যথাযথভাবে প্রতিফলিত হবে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে তারেক রহমান ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বায়ান্ননিউজ২৪/সৈকত
রাজনীতি থেকে আরো পড়ুন