বাংলাদেশ

ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৬ ০৩:২৫

ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টদের স্বাক্ষরের অভিযোগে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার ১১ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ওই কেন্দ্রে ঘটনাটি ঘটে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ঘটনাস্থলে গিয়ে ২৩টি স্বাক্ষর করা শিট জব্দ করেন।

জানা যায়, ভোটগ্রহণের আগের রাতে ধানের শীষ প্রতীকের এক পোলিং এজেন্ট কেন্দ্রে গেলে প্রিসাইডিং কর্মকর্তা জেসমিন আরা তার কাছ থেকে ফাঁকা রেজাল্ট শিটে স্বাক্ষর নেন। পরে দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্ট এসে আরও সাতটি শিটে সই করেন। বিষয়টি বাইরে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে স্বাক্ষর করা শিটগুলো জব্দ করেন এবং তাৎক্ষণিকভাবে প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, নিয়ম অনুযায়ী ভোট গণনা শেষে ফলাফল প্রস্তুতের পর পোলিং এজেন্টরা রেজাল্ট শিটে স্বাক্ষর করবেন। আগেভাগে ফাঁকা শিটে স্বাক্ষর নেওয়া বিধিবহির্ভূত। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঘটনার পর কেন্দ্রটিতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন