বাংলাদেশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: রাজধানীতে জামায়াত কর্মীসহ ৫ জনের কারাদণ্ড

প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৬ ২৩:৩২

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর এক কর্মীসহ পাঁচজনকে আটক করে তাৎক্ষণিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের তত্ত্বাবধানে পৃথক তিনটি এলাকায় অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সূত্রাপুর এলাকায় ভোটারদের মাঝে অর্থ বিতরণের প্রস্তুতিকালে হাবিবুর রহমান নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তাকে জামায়াতের কর্মী বলে জানিয়েছে পুলিশ। লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ঘটনাস্থলেই আদালত বসিয়ে তাকে দুই দিনের কারাদণ্ড প্রদান করেন।

হাবিবুরের কাছ থেকে ১২টি খাম জব্দ করা হয়েছে। প্রতিটি খামে ৫০০ টাকা করে মোট ৬ হাজার টাকা ছিল। আদালত জব্দকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন।

এদিকে ওয়ারী বিভাগে সন্দেহজনকভাবে অবস্থানের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। শুনানি শেষে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একজনকে এক মাস এবং অপরজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে মতিঝিল বিভাগের মুগদা এলাকায় পুলিশ সদস্যদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আরও দুইজনকে আটক করা হয়। ডিএমপি অর্ডিন্যান্সের ৭৫ ধারায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান তাদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

ডিএমপি জানিয়েছে, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে রাজধানীর বিভিন্ন স্থানে নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন