প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৬ ২৩:২৮
ঝিনাইদহ ৪ আসনের কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোটের আগের দিন দাঁড়িপাল্লা প্রতীকের এক পোলিং এজেন্টের স্বাক্ষর করা ২৩টি ফলাফল শিট জব্দ করা হয়েছে। বুধবার রাত প্রায় ৮টার দিকে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এ কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। বিষয়টি জানাজানি হলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শনে যান।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, অভিযোগ পাওয়ার পর কেন্দ্রে গিয়ে একটি প্রতীকের পোলিং এজেন্টের স্বাক্ষর করা ২৩টি ফলাফল শিট জব্দ করা হয়। পরবর্তীতে সেগুলো বাতিল করা হয়েছে এবং নতুন ফলাফল শিট সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্ট জিল্লুর রহমান এসব ফলাফল শিটে স্বাক্ষর করেছিলেন।
প্রিসাইডিং কর্মকর্তা জেসমিন আরা বলেন, স্বাক্ষরিত ২৩টি ফলাফল শিট বাতিল করা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, ভোটগ্রহণের আগে এমন অনিয়মের অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন