কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ এলাকায় একটি হাইস্কুল ও নিকটবর্তী একটি বাড়িতে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে।
রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানায়, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে ঢুকে এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থল থেকে ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হয়। পাশাপাশি স্কুলের কাছের একটি বাড়ি থেকেও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে নিজেই নিজের প্রাণ নিয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।
প্রায় দুই হাজারের কিছু বেশি জনসংখ্যার ছোট এই শহরে এমন ঘটনা ব্যাপক শোক ও আতঙ্কের সৃষ্টি করেছে। স্কুল কর্তৃপক্ষ এক সপ্তাহের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। নিহতদের স্মরণে শোকসভা আয়োজনের প্রস্তুতি চলছে।
কানাডার জাতীয় ও প্রাদেশিক নেতারা ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পুলিশ জানিয়েছে, পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
বায়ান্ননিউজ২৪/আবির
বিশ্ব থেকে আরো পড়ুন