লাইফস্টাইল

ভেজানো কিশমিশে মিলবে দৈনন্দিন সুস্থতার সহজ সমাধান

প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৬ ০২:৫৯

একটু ভারী খাবার খেলেই গ্যাস, অম্বল বা বুকজ্বালার সমস্যা শুরু হয়ে যায়। রাতভর হজমে অস্বস্তি, পরদিন সারাক্ষণ ক্লান্তি—এই অভিজ্ঞতা এখন অনেকেরই নিত্যদিনের সঙ্গী। অথচ এসব সমস্যার সমাধানে সব সময় দামি ওষুধের প্রয়োজন পড়ে না। পুষ্টিবিদদের মতে, খুব সাধারণ একটি অভ্যাসই শরীরকে রাখতে পারে হালকা ও সতেজ। সেই অভ্যাসটি হলো সকালে ভেজানো কিশমিশ খাওয়া।

সাম্প্রতিক পুষ্টিবিষয়ক গবেষণা ও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, নিয়মিত ভেজানো কিশমিশ খেলে হজম, শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতায় ইতিবাচক প্রভাব পড়ে। নাটকীয় কোনো পরিবর্তন নয়, বরং ধীরে ধীরে শরীরের ভেতর ভারসাম্য ফিরিয়ে আনতে সহায়তা করে এই প্রাকৃতিক খাবার।

হজমশক্তি বাড়াতে কার্যকর
কিশমিশে থাকা ডায়েটারি ফাইবার অন্ত্রের স্বাভাবিক গতি বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত ভেজানো কিশমিশ খেলে কোষ্ঠকাঠিন্য কমে, পেট পরিষ্কার থাকে। ফলে গ্যাস, অম্বল ও বুকজ্বালার মতো সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

দিনভর এনার্জি ধরে রাখতে সহায়ক
কিশমিশে প্রাকৃতিকভাবে থাকা গ্লুকোজ ও ফ্রুক্টোজ শরীরে দ্রুত শক্তি জোগায়। সকালে এটি খেলে কফি বা অতিরিক্ত চিনির ওপর নির্ভরতা কমে এবং দিনের মাঝামাঝি হঠাৎ দুর্বল লাগার প্রবণতা কমে।

রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে
অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ কিশমিশ শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। নিয়মিত খেলে সর্দি-কাশি, সংক্রমণ ও সাধারণ দুর্বলতার ঝুঁকি কমতে পারে।

হাড়ের স্বাস্থ্যে উপকার
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়ে। কিশমিশে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় মজবুত রাখতে সহায়তা করে। দীর্ঘমেয়াদে কোমর বা হাঁটুর ব্যথা কমাতেও এটি উপকারী ভূমিকা রাখতে পারে।

হৃদযন্ত্রের জন্য ভালো
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ভেজানো কিশমিশ খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। এতে হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যাওয়া বা বুক ধড়ফড় করার ঝুঁকি কমতে পারে।

যেভাবে খাবেন
রাতে ঘুমানোর আগে এক বাটি পরিষ্কার পানিতে ৮ থেকে ১০টি কিশমিশ ভিজিয়ে রাখুন। সকালে উঠে পানি ঝরিয়ে খালি পেটে কিশমিশগুলো খেয়ে নিন। চাইলে ভেজানো পানিটিও পান করা যেতে পারে। এই ছোট অভ্যাসই প্রতিদিনের জীবনে এনে দিতে পারে হালকা পেট, বাড়তি এনার্জি আর সুস্থতার অনুভূতি।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত ও পরিমিতভাবে এই অভ্যাস বজায় রাখলেই মিলবে প্রকৃত উপকার।

বায়ান্ননিউজ২৪/চৈতী

লাইফস্টাইল থেকে আরো পড়ুন