বাংলাদেশ

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই: মির্জা ফখরুল

প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:১৯

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের একটি বাস্তব সুযোগ তৈরি হবে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৬ বছর ধরে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে এমন প্রত্যাশা রয়েছে। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ অনুকূলে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর দলীয়ভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াতের রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তারা কৌশলগতভাবে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং ভুয়া তথ্য ছড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি সব সময় ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে এবং কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেয় না।

মির্জা ফখরুল আরও বলেন, যাকে ইচ্ছা তাকে ভোট দেওয়ার অধিকার জনগণের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করেন।

বায়ান্ননিউজ২৪/আইরিন

বাংলাদেশ থেকে আরো পড়ুন