প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৬ ০৩:৩৫
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে প্রায় ১০ কোটি টাকা মূল্যের শাড়িসহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে।
সোমবার ৯ ফেব্রুয়ারি রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি বিশেষ দল নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ এলাকার কাছে অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে ভেতর থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি পাওয়া যায়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, উদ্ধার করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা। শুল্ক কর ফাঁকি দিয়ে এসব শাড়ি দেশের বাজারে বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।
অভিযানে কাভার্ডভ্যানসহ একজন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত শাড়ি বংশাল সার্কেল কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে আটক ব্যক্তি ও পাচারকাজে ব্যবহৃত যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ফতুল্লা থানায় হস্তান্তর করা হবে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন