বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একটি প্রতারক দল হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জামায়াত দেশের স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না এবং ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করছে।
সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেলে কক্সবাজারের চকরিয়া শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন করে মুক্তিযুদ্ধের বয়ান তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা কখনো সঠিক ইতিহাস তুলে ধরতে পারে না। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করতে ভাড়ায় মুক্তিযোদ্ধা হাজির করার মতো কৌশলও নিচ্ছে দলটি, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
গণতন্ত্র, সংবিধান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় দেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। যখনই গণতন্ত্র ও সাংবিধানিক শাসন বিপন্ন হয়েছে, তখন বিএনপি তা রক্ষায় ভূমিকা রেখেছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, নির্বাচনের পর ১৩ ফেব্রুয়ারি থেকে যারা অন্যায়, অপরাধ বা হয়রানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত ওই জনসভায় আরও বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাদের জ্যেষ্ঠ সন্তান সাঈদ ইব্রাহীম আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ চৌধুরী রাজুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
রাজনীতি থেকে আরো পড়ুন