প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:০৯
প্রতীকী ছবি
লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে দুই শিশুসহ অন্তত ৫৩ জন নিখোঁজ হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, নিখোঁজ সবাই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার ৯ ফেব্রুয়ারি আইওএম এক বিবৃতিতে জানায়, ৫৫ জন আরোহী নিয়ে রাবারের তৈরি নৌকাটি গত ৬ ফেব্রুয়ারি উত্তর পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর জুয়ারার উত্তরে ভূমধ্যসাগরে উল্টে যায়। দুর্ঘটনার পর মাত্র দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
আইওএম জানায়, উদ্ধার হওয়া দুইজনকে তীরে আনার পর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। তারা জানিয়েছেন, নৌকাটিতে বিভিন্ন আফ্রিকান দেশের শরণার্থী ও অভিবাসী ছিলেন।
সংস্থাটির তথ্য অনুযায়ী, নৌকাটি ৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে উত্তর পশ্চিম লিবিয়ার আল জাওইয়া এলাকা থেকে যাত্রা শুরু করে। যাত্রার প্রায় ছয় ঘণ্টা পর নৌকাটি সাগরে ডুবে যায়।
আইওএমের মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্টের হিসাব বলছে, চলতি ২০২৫ সালে এখন পর্যন্ত বিপজ্জনক সেন্ট্রাল মেডিটেরানিয়ান রুটে অন্তত এক হাজার ৩০০ জন মানুষ নিখোঁজ হয়েছেন। সর্বশেষ এই দুর্ঘটনার ফলে এ পথে মৃত বা নিখোঁজ শরণার্থী ও অভিবাসীর সংখ্যা বেড়ে কমপক্ষে ৪৮৪ জনে দাঁড়িয়েছে।
আইওএম আরও জানায়, শুধু জানুয়ারি মাসেই চরম আবহাওয়ার মধ্যে সেন্ট্রাল মেডিটেরানিয়ানে একাধিক নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৭৫ জন অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক মৃত্যুর ঘটনাই নথিভুক্ত হয়নি।
বিবৃতিতে সংস্থাটি সতর্ক করে বলেছে, ইউরোপে পৌঁছানোর আশায় এই বিপজ্জনক সমুদ্রপথে যাত্রা এখনো অভিবাসী ও শরণার্থীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। বারবার ঘটে যাওয়া এসব দুর্ঘটনা মানবিক সংকটের ভয়াবহ বাস্তবতা তুলে ধরছে।
বায়ান্ননিউজ২৪/আবির
বিশ্ব থেকে আরো পড়ুন