বাংলাদেশ

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ, কড়াকড়ি নির্দেশনা ইসির

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬ ০৪:৩২

আইরিন খান: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি পাঠান।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রের চারশ গজ এলাকার মধ্যে সাধারণ ভোটারসহ কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সংশ্লিষ্ট থানার পুলিশ ইনচার্জ এবং নির্বাচন সুরক্ষা ২০২৬ অ্যাপ ব্যবহারকারী অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপির নির্ধারিত দুই সদস্য।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ চলাকালে অনিয়ম, গুজব ও বিশৃঙ্খলা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনাটি কঠোরভাবে বাস্তবায়নের কথাও বলা হয়েছে।

ইসি আশা করছে, এই বিধিনিষেধ মানা হলে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ হবে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন