বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬ ০৩:৫৮
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
সৈকত মাহমুদ: ৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
রোববার ৮ ফেব্রুয়ারি কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসে মোট ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে এই সুপারিশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ ক্যাডারের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৭২ জন, পুলিশ ক্যাডারে ৭৯ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এ ছাড়া আনসার ক্যাডারে ১৪ জন, কর ক্যাডারে ৩৭ জন এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে ১৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
কারিগরি ও পেশাদার ক্যাডারগুলোতেও উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী সুপারিশ পেয়েছেন। স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে বড় অংশ নিয়োগের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি কৃষি ক্যাডারে বিভিন্ন শাখায় ৬৮ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন এবং পশুসম্পদ ক্যাডারে ৭৩ জন মনোনীত হয়েছেন। অন্যান্য পদের মধ্যে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৩৩ জন এবং পরিসংখ্যান কর্মকর্তা পদে ৭ জনকে সুপারিশ করা হয়েছে।
কমিশন জানিয়েছে, বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪ অনুযায়ী এই মনোনয়ন দেওয়া হয়েছে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে প্রাক-নিয়োগ যাচাই শেষে সরকার চূড়ান্ত নিয়োগ দেবে। তবে এই সুপারিশ কোনোভাবেই চাকরি পাওয়ার চূড়ান্ত নিশ্চয়তা নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
৪৬তম বিসিএসের বিস্তারিত ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক নির্ধারিত ওয়েবসাইট bpsc.teletalk.com.bd এ দেখা যাবে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন