বাংলাদেশ

পুলিশের এখনো শিক্ষা হয়নি: জামায়াতের প্রার্থী শিশির মনির

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬ ০৩:৫১

সুনামগঞ্জের শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে মোহাম্মদ শিশির মনির | ছবি : সংগৃহীত

আবিদা সুলতানা:  শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে পুলিশের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শিশির মনির। তাঁর অভিযোগ, ৫ আগস্টের ঘটনার পরও পুলিশের শিক্ষা হয়নি।

রোববার ৮ ফেব্রুয়ারি বিকেলে সুনামগঞ্জের শাল্লা শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঐক্য ও সম্প্রীতির সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো পর্যালোচনা করলে দেখা যায়, পুলিশ এখনো আগ্রাসী কৌশলেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এতে জনআস্থার সংকট আরও গভীর হচ্ছে।

তিনি বলেন, গত শুক্রবার রাজধানীতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের আচরণ ছিল হতাশাজনক। বুদ্ধিমত্তা ও সংযমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল, কিন্তু বাস্তবে তা হয়নি।

শিশির মনির আরও বলেন, বর্তমান সময়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি সমর্থনযোগ্য নয়। সামনে জাতীয় নির্বাচন থাকায় এ ধরনের কর্মসূচি নির্বাচনী পরিবেশকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

উল্লেখ্য, শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাজধানীতে শরিফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত ও জাতিসংঘের অধীনে বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। বিকেল সাড়ে তিনটার দিকে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে।

এই ঘটনায় সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়।

শিশির মনির বলেন, “৫ আগস্টের পর দেশবাসী যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, পুলিশের সাম্প্রতিক আচরণে সেই পরিবর্তনের প্রতিফলন দেখা যাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীল ও মানবিক ভূমিকা নিতে হবে।”

বাংলাদেশ থেকে আরো পড়ুন