বাংলাদেশ

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬ ০৩:৪৭

আসিফ হাসান:  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। রোববার ৮ ফেব্রুয়ারি ১৪ হাজার ৩৮৫টি পদে নিয়োগের ফলাফল ঘোষণা করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, জেলাভিত্তিক নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলায়। এই জেলা থেকে ২ হাজার ৮০৭ জন প্রার্থী নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন। এরপর কুমিল্লা থেকে ২ হাজার ৫৬৪ জন, কুড়িগ্রাম থেকে ২ হাজার ৪৬০ জন, দিনাজপুর থেকে ২ হাজার ৪২১ জন, গাইবান্ধা থেকে ২ হাজার ২৯৫ জন, সিরাজগঞ্জ থেকে ২ হাজার ১২৩ জন এবং সুনামগঞ্জ থেকে ২ হাজার ৬০ জন প্রার্থী চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন।

উল্লেখ্য, সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল গত ২১ জানুয়ারি প্রকাশ করা হয়। ওই পরীক্ষায় মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। একই সঙ্গে জেলাভিত্তিক উত্তীর্ণদের তালিকাও প্রকাশ করা হয়েছিল।

গত বছরের ৫ ও ১২ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে তিন পার্বত্য জেলা ছাড়া দেশের ৬১টি জেলায় এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। ২০২৫ সালের এই নিয়োগ পরীক্ষার লিখিত ধাপ গত ৯ জানুয়ারি একযোগে ১ হাজার ৪০৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষকের ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে মোট ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন প্রার্থী। দীর্ঘ এই প্রতিযোগিতামূলক প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন