বাংলাদেশ

ভারত সীমান্তে বাড়তি বিজিবি মোতায়েন, প্রয়োজনে সেনা নামানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:৫৮

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

আইরিন খান: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই। তিনি বলেন, কোথাও অনিয়মের তথ্য পাওয়া গেলে গণমাধ্যমকে তাৎক্ষণিকভাবে জানাতে অনুরোধ করছি। খবর পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনকালীন সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্তের আট কিলোমিটারের মধ্যে সাধারণত সেনাবাহিনী মোতায়েন করা হয় না। তবে পরিস্থিতির প্রয়োজনে সেনাবাহিনী পাঠানো হবে বলেও তিনি জানান।

রোববার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে নির্বাচন উপলক্ষে বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এটি হবে অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন।

তিনি আরও বলেন, আটটি বিভাগের মধ্যে সাতটিতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা সম্পন্ন হয়েছে। আজ রংপুর বিভাগের সভার মাধ্যমে এই কার্যক্রম শেষ হলো। রংপুর বিভাগে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এজন্য বিভাগীয় ও জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

ঢাকায় একটি অনলাইন পত্রিকার অফিস থেকে ২১ জন সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলীসহ বিভাগের আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ থেকে আরো পড়ুন