প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:৫২
সিলেটে সমাবেশে বক্তব্য রাখছেন শফিকুর রহমান
আবুল কাশেম রুমন, সিলেট :
দায়িত্ব পেলে পাঁচ বছরের মধ্যেই দেশের চেহারা বদলে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান। তিনি বলেন, তরুণ প্রজন্ম ও মা বোনদের স্বপ্নের যে নতুন বাংলাদেশ, তার বাস্তব রূপ এই সময়ের মধ্যেই দৃশ্যমান হবে।
শনিবার বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, হযরত শাহজালাল রাহমতুল্লাহি আলাইহি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে এই সিলেটে এসেছিলেন। আমরা তার আদর্শের উত্তরসূরি। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে ৫৪ বছর ধরে দেশে জুলুমের রাজনীতি চলছে এবং এর সবচেয়ে বড় শিকার হয়েছে জামায়াতে ইসলামী। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর দল হিসেবে কোনো প্রতিশোধের পথে না যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল এবং নেতাকর্মীরা সেই অঙ্গীকার রক্ষা করেছেন।
সিলেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও সিলেটবাসী তাদের ন্যায্য হিস্যা পাচ্ছে না। এখনো অনেক এলাকায় গ্যাস ও বিদ্যুৎ পৌঁছায়নি। নদীগুলো ধ্বংস করা হয়েছে এবং মাদক ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। জামায়াত দায়িত্ব পেলে এসব বন্ধ করা হবে এবং বাংলাদেশকে নদীবান্ধব দেশে রূপান্তর করা হবে।
তিনি আরও বলেন, দেশে আর চাঁদাবাজি চলবে না। কোনো অফিস আদালতে ঘুষ নেওয়ার সুযোগ থাকবে না। দুর্নীতির চিত্র তুলে ধরে জামায়াত আমির বলেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় অর্থ লুট হয়েছে। যারা জনগণের টাকা চুরি করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি বন্ধ হলে উন্নয়ন স্বাভাবিকভাবেই এগিয়ে যাবে।
সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দর প্রসঙ্গে তিনি বলেন, নামে আন্তর্জাতিক হলেও বাস্তবে এখানে আন্তর্জাতিক ফ্লাইট নেই। জামায়াত ক্ষমতায় গেলে কাগজে কলমে নয়, বাস্তব কাজের মাধ্যমে এই বিমানবন্দরকে সত্যিকারের আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।
কৃষক শ্রমজীবী মানুষের কথা তুলে ধরে তিনি বলেন, কৃষকদের হাতে প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হবে এবং কৃষিপণ্যের ন্যায্য বাজার নিশ্চিত করা হবে। জেলেদের জন্য জাল সরবরাহ করা হবে এবং চা বাগানের শ্রমিক সন্তানদের দায়িত্ব রাষ্ট্র নেবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স একাউন্ট নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি পক্ষ মা বোনদের সম্মান দিতে জানে না। প্রতিবাদ করায় তার একাউন্ট হ্যাক করে অপমানজনক পোস্ট দেওয়া হয়েছে। সত্য প্রকাশ পাওয়ার পরও তারা চুরের পক্ষ নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তবে এ বিষয়ে আর কথা না বলার ঘোষণা দেন এবং সবাইকে ক্ষমা করার কথা জানান।
সমাবেশের শেষ দিকে তিনি বলেন, আমি এই সিলেটের সন্তান। আপনাদের কোলে বড় হয়েছি। আজ আমি আপনাদের সামনে নেতা হিসেবে নয়, একজন আপনজন হিসেবেই দাঁড়িয়েছি। একবার সুযোগ দিলে আমরা দেশের মালিক হবো না, আপনাদের চৌকিদার হয়ে কাজ করবো।
সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। পরে সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির।
এর আগে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। সিলেটে জামায়াতের সমাবেশে এবারই প্রথম উল্লেখযোগ্য সংখ্যক নারীর অংশগ্রহণ দেখা যায়।
শনিবার সিলেটের পাশাপাশি হবিগঞ্জ ও মৌলভীবাজারেও নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামের আমির।
বায়ান্ননিউজ২৪/রুমন
রাজনীতি থেকে আরো পড়ুন