বিশ্ব

আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া পরিশোধে অগ্রিম অর্থ দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৫:০৬

জাতিসংঘের প্রধান কার্যালয় । ছবি : সংগৃহীত ।

চরম আর্থিক সংকটে পড়া জাতিসংঘকে স্বস্তি দিতে বকেয়া চাঁদার একটি বড় অংশ পরিশোধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জাতিসংঘের কাছে বিলিয়ন ডলারের প্রথম কিস্তি পরিশোধ করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ।

শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, খুব শিগগিরই জাতিসংঘ একটি উল্লেখযোগ্য অগ্রিম অর্থ পেতে যাচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের বার্ষিক চাঁদার অংশ হিসেবে দেওয়া হবে। তবে মোট পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। একই সঙ্গে জাতিসংঘে চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন মার্কিন এই কূটনীতিক।

জাতিসংঘ কর্মকর্তাদের তথ্যমতে, নিয়মিত বাজেটের মোট বকেয়ার ৯৫ শতাংশেরও বেশি যুক্তরাষ্ট্রের কাছেই পাওনা। ফেব্রুয়ারির শুরু পর্যন্ত এই বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার। এ ছাড়া শান্তিরক্ষা কার্যক্রম বাবদ আরও প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার এবং জাতিসংঘ ট্রাইব্যুনালের জন্য ৪৩ দশমিক ৬ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের কাছে বকেয়া রয়েছে।

কর্মকর্তারা জানান, গত বছর নিয়মিত বাজেটে যুক্তরাষ্ট্র কোনো অর্থ পরিশোধ না করায় শুধু ওই বছরের বকেয়া দাঁড়িয়েছে ৮২৭ মিলিয়ন ডলার। পাশাপাশি ২০২৬ সালের জন্য আরও ৭৬৭ মিলিয়ন ডলার পরিশোধ বাকি রয়েছে।

সম্প্রতি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, বকেয়া চাঁদা পরিশোধে দীর্ঘসূত্রতার কারণে জাতিসংঘ গুরুতর আর্থিক সংকটে পড়েছে। ১৯৩ সদস্যের এই সংস্থাটি তাৎক্ষণিক আর্থিক ধসের ঝুঁকিতে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। গুতেরেসের ভাষায়, এই সংকট থেকে উত্তরণে সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্বশীল ভূমিকা অথবা জাতিসংঘের আর্থিক কাঠামোয় মৌলিক সংস্কার এখন সময়ের দাবি।

বায়ান্ননিউজ২৪/চৈতী

বিশ্ব থেকে আরো পড়ুন