ছবি: সংগৃহীত
মঞ্চ প্রস্তুত, প্রতিপক্ষ মাঠে নামছে, কিন্তু নেই লাল সবুজ জার্সিধারীরা। শনিবার শ্রীলঙ্কার কলম্বো ও ভারতের কলকাতায় শুরু হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে প্রথম দিনেই মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে নিরাপত্তা শঙ্কার কারণে বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ফলে প্রায় ৩০ বছর পর বাংলাদেশ ছাড়া কোনো বিশ্বকাপ শুরু হলো।
আইপিএলের আসন্ন মৌসুমে মোস্তাফিজুর রহমানকে দলে নিলেও ভারতের উগ্রবাদী কিছু সংগঠনের আপত্তির মুখে বিসিসিআইয়ের নির্দেশে তাকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এর পরপরই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নিজেদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে একাধিক আলোচনা হলেও আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। সংস্থাটির দাবি, তাদের স্বাধীন মূল্যায়নে কোনো যাচাইযোগ্য হুমকি পাওয়া যায়নি। পরে বাংলাদেশকে বাদ দিয়ে র্যাংকিংয়ের ১৪ নম্বর দল স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়।
২০০৭ সালে শুরু হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর থেকে এখন পর্যন্ত সবগুলো আসরেই অংশ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু দশম আসরে এসে প্রথমবারের মতো দর্শক হয়েই থাকতে হচ্ছে টাইগারদের। সব ধরনের বিশ্বকাপ বিবেচনায় নিলে বাংলাদেশ ছাড়া সর্বশেষ বিশ্বকাপ হয়েছিল ১৯৯৬ সালে। এরপর ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ এবং তারপর থেকে আর কোনো বিশ্বকাপেই অনুপস্থিত ছিল না দলটি।
এবার বাস্তবতা ভিন্ন। বিশ্বকাপে না গিয়ে বাংলাদেশ দল মিরপুরে তিন দলের অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপে অংশ নিচ্ছে। আজ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন দাসদের মাঠে নামার কথা থাকলেও সেই দৃশ্য আর দেখা গেল না। বাংলাদেশকে বাদ দিয়ে সুযোগ পায় স্কটল্যান্ড। এতে করে বিশ্বকাপের সার্বজনীন গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষক।
আইসিসির সভায় বাংলাদেশ একমাত্র পাশে পেয়েছিল পাকিস্তানকে। শুরুতে পাকিস্তান বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিলেও পরে সেই অবস্থান থেকে সরে আসে। তবে পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছে, দলটি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না।
বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপ রয়েছে ক্রিকেটারদের মধ্যেও। যদিও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, বিশ্বকাপ অধ্যায় আপাতত শেষ। তার ভাষায়, খেলোয়াড়দের সামনে তাকিয়ে থাকতে হবে এবং চলমান টুর্নামেন্ট ও ঘরোয়া ক্রিকেটেই মনোযোগ দিতে হবে।
বাংলাদেশ দল না থাকলেও বিশ্বকাপে দেশের উপস্থিতি পুরোপুরি নেই তা নয়। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত ও গাজী সোহেল ম্যাচ পরিচালনা করবেন। পাশাপাশি ধারাভাষ্যকারদের তালিকায় রয়েছেন আতহার আলি খান।
বিশ্বকাপের প্রথম দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। কলম্বোয় উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডস খেলছে পাকিস্তানের বিপক্ষে। কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি স্কটল্যান্ড। সন্ধ্যায় মুম্বাইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ভারত খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
বায়ান্ননিউজ২৪/আবির
বাংলাদেশ থেকে আরো পড়ুন