বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের আহতদের মধ্যে কেউ গুলিবিদ্ধ নন: ঢামেক পরিচালক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬ ০৩:১৬

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলাকালে আহত ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের মধ্যে কেউ গুলিবিদ্ধ বা পিলেট আঘাতে আহত হননি বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) কর্তৃপক্ষ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এক ব্রিফিংয়ে ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৬০ জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, “ইনকিলাব মঞ্চের কর্মীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। এখন পর্যন্ত আমরা প্রায় ৬০ জন রোগী রিসিভ করেছি এবং আরও রোগী আসছে। এর মধ্যে প্রায় ৩০ জনের শরীরে বাহ্যিক আঘাত রয়েছে। তবে কারও শরীরে গুলিবিদ্ধ বা পিলেট ইনজুরির কোনো আলামত পাওয়া যায়নি।”

ঢামেক পরিচালক আরও জানান, আহতদের বেশিরভাগের মাথা, মুখ ও পায়ে আঘাত রয়েছে, যা মূলত লাঠির আঘাতজনিত। পাশাপাশি অনেকের কাঁদানে গ্যাসের কারণে শ্বাসজনিত সমস্যা দেখা গেছে। অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাদের সুস্থ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে ভর্তি করতে হয়নি।

হাসপাতালের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের চিকিৎসা সক্ষমতা নিয়ে কোনো ঘাটতি নেই। প্রায় ২০০ চিকিৎসক দায়িত্বে আছেন। তবে রোগীদের সঙ্গে অতিরিক্ত লোকজন আসায় ভিড় সামলানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এক রোগীর সঙ্গে ১০–১৫ জন চলে আসছেন, এতে চিকিৎসা দিতে কিছুটা সমস্যা হচ্ছে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের জরুরি বিভাগ সম্প্রসারণ করা হয়েছে বলেও জানান তিনি। একসঙ্গে ২৫ জন রোগী চিকিৎসা দেওয়ার মতো প্রস্তুতি রয়েছে বলে দাবি করেন ঢামেক পরিচালক।

উল্লেখ্য, জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে যমুনা ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন সংগঠনটির নেতা-কর্মীরা। শুক্রবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং কয়েকজন আহত হন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুলিবিদ্ধ হওয়ার দাবি উঠলেও পুলিশ ও অন্তর্বর্তী সরকার তা নাকচ করে। ঢামেক কর্তৃপক্ষের বক্তব্যেও গুলিবিদ্ধ হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

বায়ান্ননিউজ২৪/সৈকত

বাংলাদেশ থেকে আরো পড়ুন