রাজনীতি

প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণের প্রস্তাব বিএনপির ইশতেহারে

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:৪০

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না— এমন প্রস্তাব বিএনপিই প্রথম জাতির সামনে উপস্থাপন করেছে। তিনি বলেন, এই প্রস্তাবটি বিএনপির ৩১ দফার মধ্যেই নথিভুক্ত রয়েছে এবং এ বিষয়ে কৃতিত্ব বিএনপিই গ্রহণ করবে।

 

শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি এসব কথা বলেন। তারেক রহমান জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের প্রচলিত আইনের মধ্যেই প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণ করা হবে।

 

তিনি বলেন, সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রেও বিএনপির সুস্পষ্ট অবস্থান রয়েছে। দীর্ঘদিন ধরে আলোচিত সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়েও ৩১ দফায় সংস্কারের কথা বলা হয়েছে। পর্যায়ক্রমে এই অনুচ্ছেদকে একটি যৌক্তিক অবস্থানে নিয়ে আসা হবে, যাতে সংসদ আরও কার্যকর ও গণতান্ত্রিক হয়।

 

গণতন্ত্র প্রতিষ্ঠার প্রসঙ্গে তারেক রহমান বলেন, ভোটাধিকার নিশ্চিত করাই গণতন্ত্রের মূল ভিত্তি। জনগণের পূর্ণ আস্থার সঙ্গে নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা অব্যাহত রাখতে হবে। তিনি দাবি করেন, বাংলাদেশের মানুষ অতীত অভিজ্ঞতা থেকে মনে করে, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মতো নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই সবচেয়ে কার্যকর।

 

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হবে। স্বৈরাচারী সময়ে প্রায় আড়াই বছর আগে ৩১ দফা উপস্থাপনের মধ্য দিয়েই বিএনপি প্রথম এ দাবি তোলে বলেও উল্লেখ করেন তিনি।

বায়ান্ননিউজ২৪/আবির

রাজনীতি থেকে আরো পড়ুন