বাংলাদেশ

নবম পে-স্কেলের গেজেটের দাবিতে যমুনার ঘেরাও, পুলিশি লাঠিচার্জ ও টিয়ারশেল

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৩:২০

নবম পে-স্কেল দ্রুত ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভে নেমেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার ৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে অগ্রসর হন। পরে যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে এবং একপর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কির একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

রমনা বিভাগের পুলিশের উপকমিশনার মাসুদ আলম বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি যাতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।

এর আগে সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখান থেকে বেলা ১১টার দিকে তারা যমুনার উদ্দেশে মিছিল শুরু করেন। শাহবাগে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে সেই বাধা উপেক্ষা করেই আন্দোলনকারীরা যমুনার সামনে পৌঁছান।

বিক্ষোভকারীদের দাবি, পে-স্কেল কমিশন ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এখন কেবল গেজেট আকারে প্রকাশ করলেই নবম পে-স্কেল কার্যকর করা সম্ভব। নির্বাচিত সরকার আসার আগেই বর্তমান সরকারের সময়ে এটি ঘোষণা না হলে বাস্তবায়ন আরও বিলম্বিত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বায়ান্ননিউজ২৪/সৈকত

বাংলাদেশ থেকে আরো পড়ুন