বাংলাদেশ

সিলেট-১ আসনে জনপ্রিয়তার শীর্ষে খন্দকার আব্দুল মুক্তাদির

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৩:১৫

আবুল কাশেম রুমন, সিলেট: নির্বাচন দিন যত ঘনিয়ে আসছে, ততই সাধারণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বাড়ছে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের। সর্বস্তরের মানুষের কাছে তিনি এখন আলোচনার কেন্দ্রে। পাড়া-মহল্লা থেকে শুরু করে বাজার, গ্রাম কিংবা নগরের অলিগলি—সবখানেই তাঁকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ও উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

বিএনপির প্রার্থী ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির গণসংযোগে নামলেই তা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে রূপ নিচ্ছে। যেখানে যাচ্ছেন, সেখানেই মানুষের ভিড় ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। প্রচারণা ঘিরে ছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতি।

দলীয় নেতাকর্মীরা জানান, প্রচারণার পথে পথে সব বয়সী ও সব শ্রেণির মানুষ তাঁকে উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। অনেক এলাকায় বাসা-বাড়ি থেকে নারীরা ফুল ছিটিয়ে তাঁকে বরণ করে নিচ্ছেন। পুরুষ ভোটাররা হাত মিলিয়ে, বুক মিলিয়ে কথা বলছেন; কেউ কেউ সরাসরি নিজ এলাকার সমস্যার কথাও তুলে ধরছেন। কর্মসংস্থান, দ্রব্যমূল্য, নগর ব্যবস্থাপনা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা—বিভিন্ন বিষয়ে প্রত্যাশার কথা শোনা যাচ্ছে ভোটারদের মুখে। এসব কথা ধৈর্য ও মনোযোগ দিয়ে শুনছেন খন্দকার আব্দুল মুক্তাদির। ভোটারদের সঙ্গে তাঁর কথোপকথনে স্পষ্টভাবে ফুটে উঠছে আন্তরিকতা ও দায়িত্ববোধ।

এদিকে খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে প্রচারণা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নগরীর কুয়ারপার পয়েন্ট থেকে তাঁর নেতৃত্বে একটি বিশাল প্রচার মিছিল শুরু হয়। মিছিলটি কুয়ারপার, লালাদিঘীর পার, ওসমানী মেডিকেল রোড, ভাতালিয়া, মুন্সিপাড়া, মীরের ময়দান ও রাজারগলি হয়ে শাহজালাল (রহ.) মাজারের প্রধান গেটের সামনে গিয়ে শেষ হয়।

গণসংযোগ ও প্রচার মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। মিছিল বিভিন্ন এলাকা অতিক্রম করার সময় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে স্লোগান দেন। অনেক বাসা-বাড়ি থেকে নারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রচার মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক নজীবুর রহমান নজীব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক অলিউর রহমান চৌধুরী সুহেল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সব মিলিয়ে সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদিরকে ঘিরে তৈরি হয়েছে এক শক্তিশালী গণসমর্থনের আবহ, যা নির্বাচনী মাঠে তাঁকে স্পষ্টভাবে এগিয়ে রাখছে বলে মনে করছেন স্থানীয় রাজনীতিসচেতন মহল।

বায়ান্ননিউজ২৪/রুমন

বাংলাদেশ থেকে আরো পড়ুন