ছবি: সংগৃহীত
ভারতের সেভেন সিস্টার্স রাজ্যের অন্তর্ভুক্ত মেঘালয়ে একটি অবৈধ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পূর্ব জৈন্তিয়া হিলস জেলার থাংস্কু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিস্ফোরণের সময় খনির ভেতরে আরও শ্রমিক অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
মেঘালয় পুলিশের মহাপরিচালক আই নংগ্রাং জানান, এখন পর্যন্ত ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার সময় খনিতে মোট কতজন শ্রমিক ছিলেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পূর্ব জৈন্তিয়া হিলস জেলার পুলিশ সুপার বিকাশ কুমার বলেন, বিস্ফোরণে আহত এক শ্রমিককে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করা হবে।
উল্লেখ্য, পরিবেশগত ক্ষতি ও শ্রমিকদের নিরাপত্তার ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে ২০১৪ সালে মেঘালয়ে কয়লা খননসহ অবৈজ্ঞানিক খনন কার্যক্রম নিষিদ্ধ করে জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল। পরবর্তীতে সুপ্রিম কোর্ট সেই নিষেধাজ্ঞা বহাল রেখে কেবল বৈজ্ঞানিক ও নিয়ন্ত্রিত পদ্ধতিতে খননের অনুমতি দেয়।
বিশেষজ্ঞরা জানান, অবৈধ খননে অত্যন্ত সরু ও ঝুঁকিপূর্ণ সুড়ঙ্গ খোঁড়া হয়। এসব সুড়ঙ্গে শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কয়লা উত্তোলন করেন। দীর্ঘদিন ধরেই এই অবৈধ কার্যক্রম মেঘালয়ে প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে উঠছে।
বায়ান্ননিউজ২৪/আবির
বিশ্ব থেকে আরো পড়ুন