বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরে শ্রমিক বিক্ষোভে নৌপরিবহন উপদেষ্টা অবরুদ্ধ

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২৬ ১২:৩০

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এই কর্মসূচির মধ্যেই বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বন্দরে পৌঁছালে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের গাড়িবহর অবরুদ্ধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের ৪ নম্বর গেটে শ্রমিকরা অবস্থান নিয়ে উপদেষ্টার গাড়ি আটকে দেন এবং বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এতে কিছু সময় ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে চলমান সংকট নিরসনে জরুরি বৈঠকে বসছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে বন্দরের কনফারেন্স রুমে অনুষ্ঠিতব্য এই বৈঠকে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ছাড়াও বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি জারি করে বন্দর কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে শ্রমিকরা আন্দোলনে নামেন। প্রথমে টানা তিন দিন প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হয়। পরে আন্দোলন আরও জোরদার করে শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।

এর ফলে বন্দর জেটিতে কনটেইনার ও মালামাল হ্যান্ডলিং, ইয়ার্ড থেকে পণ্য সরবরাহ ও হস্তান্তর এবং জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়ছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলন আরও কঠোর হয়েছে। আন্দোলনকারীরা বন্দরের বিভিন্ন প্রবেশপথে অবস্থান নিয়ে ট্রাফিক, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বন্দরে প্রবেশে বাধা দিচ্ছেন।

বন্দর কর্তৃপক্ষের চিঠিতে আরও বলা হয়েছে, বর্তমানে নিউমুরিং টার্মিনাল পরিচালনাকারী সিডিডিএলের পক্ষ থেকে একজন বা দুজন শ্রমিক প্রতিনিধিকে বৈঠকে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

এই বৈঠকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক, বিজিবির আঞ্চলিক কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, কোস্টগার্ডের জোনাল কমান্ডার এবং নেভি ইন্টেলিজেন্সের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বায়ান্ননিউজ২৪/সৈকত

বাংলাদেশ থেকে আরো পড়ুন