দুই দেশের প্রতিনিধিদের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর ফটোসেশন
বাংলাদেশ ও জাপান–এর মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে চুক্তিটি সম্পন্ন হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, বাংলাদেশের পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং জাপানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সাইডা শিনিচি চুক্তিতে স্বাক্ষর করেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০২৩ সাল থেকে উভয় পক্ষের ধারাবাহিক আলোচনার ফলেই এই চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়েছে। এটি দুই দেশের পারস্পরিক আস্থা ও দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। চুক্তির আওতায় প্রতিরক্ষা সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তি হস্তান্তরের একটি সুনির্দিষ্ট আইনি কাঠামো তৈরি হবে, যা বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণ প্রক্রিয়াকে এগিয়ে নেবে।
চুক্তিটি জাতিসংঘ সনদের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে। এর মাধ্যমে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির ব্যবহার, নিয়ন্ত্রণ এবং তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর রোধে স্পষ্ট নির্দেশনা থাকবে। একই সঙ্গে যৌথ গবেষণা ও উন্নয়ন, সামরিক বিশেষজ্ঞ বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তির ফলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় দুই দেশ একসঙ্গে কাজ করার পথ সুগম হবে। পাশাপাশি প্রতিরক্ষা খাতে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেছে।
বিশ্লেষকদের মতে, প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর বিষয়ে এই চুক্তি বাংলাদেশ–জাপান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করবে।
বায়ান্ননিউজ২৪/আইরিন
বাংলাদেশ থেকে আরো পড়ুন