রাজনীতি

জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে বাংলাদেশ হবে পাকিস্তান: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ০২:১৯

বক্তব্য রাখছেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান

জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মারাত্মক ঝুঁকির মুখে পড়বে এবং বাংলাদেশ আরেকটি পাকিস্তান হয়ে যাবে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। তার ভাষায়, সে পরিস্থিতিতে বাংলাদেশ কার্যত আরেকটি পাকিস্তানে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জ–৪ আসনের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নে বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ফজলুর রহমান বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় যে ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী শক্তিরাই ছিল দেশের মানুষের জন্য সবচেয়ে বড় হুমকি। জামায়াত যদি আবার ক্ষমতার কাছাকাছি আসে, তাহলে সেই অন্ধকার অধ্যায় ফিরে আসার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তিনি দাবি করেন, এতে সাধারণ মানুষের নিরাপত্তা, বিশেষ করে নারী ও সংখ্যালঘুদের জীবনযাপন মারাত্মকভাবে বিপন্ন হতে পারে।

জামায়াতের রাজনৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই প্রার্থী বলেন, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। ভোটের মাঠে ধর্মীয় আবেগ উসকে দিয়ে সাধারণ মানুষকে ভুল পথে নেওয়ার এই প্রবণতা দেশ ও সমাজের জন্য ক্ষতিকর।

তিনি আরও বলেন, জনগণকে ভয় দেখিয়ে বা বিভ্রান্ত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন যারা দেখছে, তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ফজলুর রহমান ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার কথা ভেবে সবাইকে সচেতনভাবে ভোট দিতে হবে। কোনোভাবেই স্বাধীনতাবিরোধী রাজনীতিকে আবার মাথাচাড়া দেওয়ার সুযোগ দেওয়া যাবে না।

জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বায়ান্ননিউজ২৪/সৈকত

রাজনীতি থেকে আরো পড়ুন