বাংলাদেশ

মোবাইল বিক্রি বা হস্তান্তরের আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:০৩

ছবি: সংগৃহীত

ব্যবহৃত মোবাইল ফোন অন্যের কাছে হস্তান্তর বা বিক্রির আগে অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর এই নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হয়েছে।

বিটিআরসি জানায়, এনইআইআর চালুর ফলে বর্তমানে দেশের মোবাইল নেটওয়ার্কে সক্রিয় থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে। এর মাধ্যমে অবৈধ ও চোরাই মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

কমিশনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনে সিম পরিবর্তন করা হলে অথবা ফোনটি অন্য কারও ব্যবহারের জন্য হস্তান্তর কিংবা বিক্রির আগে অবশ্যই ডি রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি জাতীয় পরিচয়পত্রের সঙ্গে যুক্ত নিবন্ধন থেকে অবমুক্ত করতে হবে।

ডি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সিম কেনার সময় ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে বলে জানিয়েছে বিটিআরসি।

ডি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিটিআরসির ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করার পাশাপাশি কল সেন্টার ১০০ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেও প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে।

বায়ান্ননিউজ২৪/আইরিন

বাংলাদেশ থেকে আরো পড়ুন