বাংলাদেশ

র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:৫৪

ছবি: সংগৃহীত

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর নাম পরিবর্তন করে নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) রাখা হয়েছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সভায় র‌্যাবের নাম ও পোশাক সংক্রান্ত প্রাথমিক ধারণা উপস্থাপন করা হয়েছে। সংস্থাটিকে নতুনভাবে গঠন করার উদ্যোগ নেওয়া হবে। নাম ও পোশাক নির্ধারণের জন্য সর্বস্তরের মতামত সংগ্রহ করা হচ্ছে। আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

র্যাব গঠিত হয় ২০০৪ সালের ২৬ মার্চ, যখন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় জঙ্গিবাদের উত্থান এবং আইনশৃঙ্খলার অবনতি লক্ষ্য করা যায়। পুলিশের পাশাপাশি সেনা, নৌবাহিনী, বিমানবাহিনী, আনসার, ভিডিপি, বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যদের নিয়ে এই বিশেষ বাহিনী তৈরি করা হয়।

এরপর ‘ক্রসফায়ার’ ও ‘বন্দুকযুদ্ধের’ নামে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ ওঠে। যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ র‌্যাব ভেঙে দেওয়ার আহ্বান জানায়, সরকার সাড়া দেয়নি।

২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাব ও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর ‘ক্রসফায়ার’-এর কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।

সবশেষ ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় র‌্যাব বিলুপ্তির পাশাপাশি বিজিবি ও সামরিক গোয়েন্দা সংস্থার সীমাবদ্ধ কার্যক্রমের সুপারিশ করেছিল।

তবে এসব আহ্বানে সাড়া না দিয়ে, র‌্যাব গঠনের ২২ বছর পর মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাহিনীটির নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ রাখল।

বায়ান্ননিউজ২৪/সৈকত

বাংলাদেশ থেকে আরো পড়ুন