প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৩:২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি।
ঢাকা ব্যুরো: আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত কোস্ট গার্ড পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য রাজনৈতিক পক্ষপাত বা এজেন্ডার সঙ্গে যুক্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কোস্ট গার্ডের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, উপকূলীয় এলাকা ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার, ডাকাতি ও জলদস্যুতা দমনে কোস্ট গার্ড সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিকদের উদ্ধারেও বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ডের অবদান তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য দুর্যোগে উপকূলীয় জনগণকে সচেতন করা, উদ্ধার কার্যক্রম পরিচালনা, ত্রাণ বিতরণ, শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট সরবরাহ এবং রোহিঙ্গা সংকট ব্যবস্থাপনায় কোস্ট গার্ড প্রশংসনীয় ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী নদী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে মানবপাচার, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ কারণে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ বাহিনীটির প্রশংসা করেছে এবং যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এর মধ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্য দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ১০০ প্লাটুন মোতায়েন করা হয়েছে।
অনুষ্ঠানে দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে।
এ সময় দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক প্রদান করা হয়।
বায়ান্ননিউজ২৪/আইরিন
বাংলাদেশ থেকে আরো পড়ুন