হালুয়ার স্বাদ কে না ভালোবাসে! অতিথি আপ্যায়ন হোক বা পারিবারিক কোনো বিশেষ আয়োজন—মিষ্টান্নের তালিকায় হালুয়া থাকলে আনন্দটা যেন দ্বিগুণ হয়ে যায়। আমাদের দেশে সাধারণত সুজি বা ছোলার ডালের হালুয়া বেশি পরিচিত হলেও, একটু ভিন্ন স্বাদের জন্য বিটরুট দিয়ে তৈরি করা যায় দারুণ সুস্বাদু ও পুষ্টিকর হালুয়া। রং, স্বাদ আর পুষ্টিগুণ—সব মিলিয়ে এই হালুয়া হতে পারে আপনার রান্নাঘরের বিশেষ আকর্ষণ।
চলুন জেনে নেওয়া যাক ঘরেই কীভাবে সহজে বানাবেন বিটরুটের হালুয়া।
যেসব উপকরণ লাগবে
বিটরুট: ১টি (মাঝারি আকারের)
সুজি: ১/২ কাপ
ময়দা: ১/২ কাপ
ঘি: ১/২ কাপ
গুঁড়া দুধ: ৩ টেবিল চামচ
চিনি: স্বাদমতো
এলাচ: ২টি (গুঁড়া করা)
লবণ: ১ চিমটি
পানি: পরিমাণমতো
গোলাপ জল: ১/২ চা চামচ
কিশমিশ, বাদাম ও কোকোনাট পাউডার: সাজানোর জন্য
যেভাবে তৈরি করবেন
প্রথমে বিটরুট ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন। এরপর ব্লেন্ডারে হালকা করে ব্লেন্ড করে বিটরুটের রস ছেঁকে আলাদা রাখুন।
একটি ননস্টিক কড়াইয়ে ঘি গরম করে তাতে একসঙ্গে ময়দা ও সুজি দিন। মাঝারি আঁচে লাগাতার নেড়ে মিশ্রণটি হালকা লালচে রং হওয়া পর্যন্ত ভেজে নিন, যেন পোড়া গন্ধ না লাগে।
এবার এতে বিটরুটের রস, চিনি, গুঁড়া দুধ ও এক চিমটি লবণ দিন। ভালোভাবে নেড়ে প্রয়োজন অনুযায়ী সামান্য পানি যোগ করুন। মিশ্রণ ঘন হতে শুরু করলে এলাচ গুঁড়া ও গোলাপ জল মিশিয়ে দিন।
হালুয়া কড়াইয়ের গা ছেড়ে আসলে চুলা বন্ধ করুন। ওপর থেকে কিশমিশ, বাদাম কুচি ও কোকোনাট পাউডার ছড়িয়ে দিন। কিছুটা ঠান্ডা হলে পছন্দমতো আকারে কেটে পরিবেশন করুন।
পরিবেশনের টিপস
গরম গরম বিটরুটের হালুয়া দুধ বা ফালুদার সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যাবে। চাইলে এটি ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন।
স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর এই বিটরুটের হালুয়া একবার বানালে পরিবারের সবাই আবারও বানাতে বলবে—নিশ্চিত!
বায়ান্ননিউজ২৪/মেহরিন
লাইফস্টাইল থেকে আরো পড়ুন