নিহত বাধন আহমেদ
সিলেটের বিয়ানীবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম বাধন আহমেদ (১৮)। তিনি স্থানীয় পর্যায়ে পরিচিত একজন তরুণ ফুটবলার ছিলেন। এ ঘটনায় তার বন্ধু মাহিন (১৮) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে বিয়ানীবাজার জকিগঞ্জ সড়কের চারখাই পুলিশ ফাঁড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি নোহা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাধন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত বাধন বিয়ানীবাজার উপজেলার চারখাই নওয়াখানি গ্রামের আব্দুর রহমানের ছেলে । দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা তার বন্ধু মাহিনও গুরুতর আহত হন। তাকে প্রাথমিকভাবে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অন্য একটি সূত্রে জানা গেছে, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক জানান, চারখাই পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত চলছে।
তরুণ ফুটবলার বাধনের অকাল মৃত্যুতে চারখাইসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু স্বজন ও ক্রীড়াঙ্গনের সহপাঠীরা গভীর শোক প্রকাশ করেছেন।
বায়ান্ননিউজ২৪/আসিফ
বাংলাদেশ থেকে আরো পড়ুন