গত দেড় মাসে নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে অন্তত ২৭৪টি সহিংস ঘটনার তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৩২
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে সহিংসতার উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত দেড় মাসে নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে অন্তত ২৭৪টি সহিংস ঘটনার তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এসব ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত এই সহিংস ঘটনাগুলো ঘটে। পরিসংখ্যান অনুযায়ী, নির্বাচন ঘিরে ভীতি প্রদর্শন বা আক্রমণাত্মক আচরণের ঘটনা ঘটেছে ১৬টি। এ ছাড়া প্রার্থীর ওপর সরাসরি হামলার ঘটনা ১৫টি এবং হত্যাকাণ্ডের সংখ্যা পাঁচটি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ৮৯টি। অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা তিনটি এবং হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা নয়টি নথিভুক্ত হয়েছে। প্রচার কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ২৯টি।
নির্বাচন সংশ্লিষ্ট অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২০টি। পাশাপাশি অবরোধ ও বিক্ষোভের ঘটনা ১৭টি এবং সংখ্যালঘুদের ওপর হামলার একটি ঘটনাও উল্লেখ করা হয়েছে। অন্যান্য শ্রেণির সহিংসতার সংখ্যা ৭০টি বলে জানিয়েছে প্রেস উইং।
বিজ্ঞপ্তিতে অতীতের নির্বাচনগুলোর সহিংসতার চিত্রও তুলনা হিসেবে তুলে ধরা হয়। তথ্যমতে, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক মাসে ৫৩৪টি সহিংস ঘটনা ঘটে। সে সময় আহত হন ৪৬০ জন এবং নিহত হন ছয়জন। ওই নির্বাচনে ভাঙচুরের ঘটনা ছিল ১০২টি, অগ্নিসংযোগের ঘটনা ১১৮টি এবং ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণসহ গুলির ঘটনা ঘটে ৩০টি।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ২২ দিনে ৪১৪টি সহিংস ঘটনা ঘটে। এতে আহত হন ৭৮০ জন এবং নিহত হন ২২ জন। তখন ভাঙচুরের ঘটনা ছিল ২৩৪টি, অগ্নিসংযোগ ১৫৫টি এবং ককটেল, পেট্রোল বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনা ছিল ১৪৩টি।
এ ছাড়া ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের ১২ দিনে ৫৩০টি সহিংস ঘটনার তথ্য দেয় প্রেস উইং। ওই সময় আহত হন ৩১৫ জন এবং নিহত হন ১১৫ জন। তবে তখনকার ভাঙচুর ও অগ্নিসংযোগের বিস্তারিত তথ্য আলাদাভাবে জানানো হয়নি।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এবারের নির্বাচন সামনে রেখে সহিংসতার হার তুলনামূলকভাবে কম দেখালেও প্রাণহানির ঘটনা ও ধারাবাহিক সংঘর্ষ নির্বাচন নিয়ে উদ্বেগ কমাচ্ছে না বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
বায়ান্ননিউজ২৪/আইরিন
বাংলাদেশ থেকে আরো পড়ুন