বিশ্ব

ইরানে শক্তিশালী বিস্ফোরণ

প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬ ১৯:০৬

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি ভবন

ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার ৩১ জানুয়ারি স্থানীয় সময় এই বিস্ফোরণ ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উদ্ধার ও অগ্নিনির্বাপণ বাহিনী ঘটনাস্থলে কাজ শুরু করে।

ইরানের রাষ্ট্রীয় ও আধা সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিস্ফোরণটি একটি আটতলা ভবনে সংঘটিত হয়। এতে ভবনের নিচের কয়েকটি তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের কয়েকটি গাড়ি ও একটি দোকানেও ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণের পর ভবনের চারপাশে কাচ ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের রেভল্যুশনারি গার্ড নৌবাহিনীর একজন শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে হামলার দাবি উঠলেও তা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। সংস্থাটি জানিয়েছে, এ ধরনের তথ্য ভিত্তিহীন ও গুজব।

এখন পর্যন্ত বিস্ফোরণে হতাহত হওয়ার বিষয়ে কোনো সরকারি তথ্য জানানো হয়নি। বিস্ফোরণের প্রকৃত কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ইরানি কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বন্দর আব্বাস শহরটি হরমুজ প্রণালীর কাছে অবস্থিত, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল পরিবহন এই পথ দিয়ে হয়ে থাকে। ফলে এ এলাকায় যেকোনো বড় ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে বাড়তি গুরুত্ব পাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বন্দর আব্বাসের বিস্ফোরণ নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে ইরানি কর্তৃপক্ষ জোর দিয়ে বলছে, এখন পর্যন্ত এটি একটি রহস্যজনক ঘটনা এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।

ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বায়ান্ননিউজ২৪/নিউজরুম এডিটর 

বিশ্ব থেকে আরো পড়ুন