রাজনীতি

নিশিরাতে নির্বাচন করতে দেব না: তারেক রহমান

প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬ ০৩:২৬

রংপুরে জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রংপুরে নির্বাচনী জনসভায় ভোটকেন্দ্রে ভোরে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগের মতো নিশিরাতে নির্বাচন আর হতে দেওয়া হবে না। তার দাবি, এবার সিদ্ধান্ত নেবে জনগণ, কোনো ষড়যন্ত্র নয়।

শুক্রবার রাতে রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোটের দিন ফজরের সময় ভোটকেন্দ্রে গিয়ে জামাতে অংশ নিয়ে লাইনে দাঁড়াতে হবে, যাতে কেউ কোনো ধরনের কারচুপি করতে না পারে। সব ধর্মের ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রংপুরের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, এটি শহীদ আবু সাঈদের রক্তে ভেজা মাটি। জুলাইয়ের ত্যাগ কখনও বৃথা যেতে পারে না। তার মতে, আবু সাঈদসহ যাদের প্রাণ গেছে, তাদের ত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে তখনই, যখন দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে।

রংপুর অঞ্চলকে সম্ভাবনাময় উল্লেখ করে তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও নেতৃত্ব পেলে এ বিভাগের আমূল পরিবর্তন সম্ভব। বিএনপির শাসনামলে এ অঞ্চলের মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছিল বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, গত ১৬ বছরে উন্নয়নের নামে লুটপাট হলেও মানুষের কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

কৃষকদের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, রংপুর একটি কৃষিপ্রধান অঞ্চল হলেও দীর্ঘদিন ধরে কৃষকরা নানা নির্যাতনের শিকার হয়েছেন। কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে এবং এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণের দায় সরকার বহন করবে। এতে কৃষক ও সাধারণ মানুষের আর্থিক চাপ কমবে বলে দাবি করেন তিনি।

এ ছাড়া রংপুর ও আশপাশের জেলাগুলোতে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার কথা বলেন তারেক রহমান। বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার পাশাপাশি আইটি খাতে বিনিয়োগ আনতে কর ছাড়ের ঘোষণাও দেন তিনি, যাতে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে গৃহিণীরা ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারবেন। একইভাবে কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর কথা বলেন তিনি, যাতে প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সরাসরি কৃষকের হাতে পৌঁছানো যায়।

জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।

বায়ান্ননিউজ২৪/সৈকত

রাজনীতি থেকে আরো পড়ুন