রাজনীতি

বিএনপি–এনসিপি তুমুল সংঘর্ষ, আহত অন্তত ১০

প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২৬ ১৯:১৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত হাজারো মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নলচিরা–চেয়ারম্যান ঘাট নৌপথে ফেরি ‘মহানন্দা’র উদ্বোধন শেষে এ সংঘর্ষের সূত্রপাত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, চিফ ইঞ্জিনিয়ার এবং বিআইডব্লিউটিসির কমার্শিয়াল ডিরেক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠান শেষ হওয়ার পর ফেরি সার্ভিস চালুতে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা। স্লোগানকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও হাতাহাতিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত নৌবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করেন। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি ডা. জাহেদুল আলম বলেন, ফেরি সার্ভিস চালু হওয়া হাতিয়ার ইতিহাসে একটি মাইলফলক। পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়লে এই অর্জন ম্লান হয়ে যাবে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, পরিস্থিতি বর্তমানে অনেকটাই শান্ত রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান করছেন।

বায়ান্ননিউজ২৪/মুরসালিন

রাজনীতি থেকে আরো পড়ুন