প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২৬ ০৪:২৫
বক্তব্য রাখছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের
রংপুরে এসে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও গণভোট আয়োজনের উদ্দেশ্য নিয়ে কঠোর প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তার অভিযোগ, সংস্কার আসলে একটি উছিলা, মূল লক্ষ্য হলো গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিয়ে ক্ষমতায় থাকা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে রংপুরে এসে নগরীর সেনপাড়ার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। রংপুর ৩ সদর আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে নিজ এলাকায় আসেন জি এম কাদের।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গণভোটের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় এবং এ প্রক্রিয়ায় এনসিপি ও জামায়াতকে সঙ্গে রাখা হয়েছে। তার ভাষায়, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতেই এই গণভোটের আয়োজন করা হচ্ছে।
সরকারের জবাবদিহি নিয়েও প্রশ্ন তোলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, এই সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহি নেই। নির্বাচনের পর যে সংসদ গঠিত হবে এবং জনপ্রতিনিধিরা যে সরকার গঠন করবে, তাদের হাতে প্রকৃত ক্ষমতা না দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও সন্দেহ প্রকাশ করে জি এম কাদের বলেন, বর্তমান সরকার, এনসিপি ও জামায়াত মিলেই কার্যত একটি সরকারি দলে পরিণত হয়েছে। তার মতে, সরকারের পৃষ্ঠপোষকতায় এনসিপি গঠিত হয়েছে এবং জামায়াত বিভিন্নভাবে তাদের সঙ্গে যুক্ত রয়েছে। ফলে এই তিন পক্ষ মিলে একটি শক্তিশালী সরকারি বলয় তৈরি করেছে।
এ অবস্থায় জাতীয় পার্টি এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন কখনও সুষ্ঠু হতে পারে না। বড় একটি দল নির্বাচনের বাইরে থাকলেও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং প্রতিদিন সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটছে, যা নির্বাচন নিয়ে উদ্বেগ আরও বাড়াচ্ছে।
মতবিনিময় সভায় জাতীয় পার্টির রংপুর জেলা কমিটির আহ্বায়ক আজমল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, শুক্রবার থেকে জি এম কাদের নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগ শুরু করবেন।
বায়ান্ননিউজ২৪/নিউজরুম এডিটর
রাজনীতি থেকে আরো পড়ুন