বিশ্ব

ইরানের ভয়ংকর হামলার ইঙ্গিত ট্রাম্পের

প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৬ ২২:২০

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে আগের যেকোনো সময়ের তুলনায় বড় ধরনের সামরিক হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের দিকে বিশাল একটি যুদ্ধজাহাজের বহর অগ্রসর হচ্ছে, যা যেকোনো সময় অভিযানে যেতে প্রস্তুত।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান যদি নতুন করে হামলা বা উত্তেজনা এড়াতে চায়, তবে তাদের আলোচনায় আসতে হবে এবং পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা পুরোপুরি পরিত্যাগ করতে হবে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের দিকে এগিয়ে যাওয়া নৌবহরটি আগের যেকোনো মোতায়েনের চেয়ে বড়। তিনি দাবি করেন, এটি নির্দিষ্ট লক্ষ্য ও পূর্ণ সামরিক শক্তি নিয়ে দ্রুতগতিতে এগোচ্ছে। প্রয়োজনে এই বাহিনী খুব অল্প সময়ের মধ্যে ভয়াবহ হামলা চালাতে সক্ষম।

এর আগে গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সে সময় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছায় এবং ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। ট্রাম্প সেই অভিযানের কথা উল্লেখ করে বলেন, ইরান তখন আলোচনায় না আসার ফলেই বড় ক্ষতির মুখে পড়েছিল।

নতুন হুমকির বার্তায় ট্রাম্প বলেন, আলোচনার মাধ্যমে সমাধানে আসাই ইরানের জন্য সবচেয়ে ভালো পথ। তবে তিনি সতর্ক করে দেন, ইরান যদি আবারও সময়ক্ষেপণ করে, তাহলে পরবর্তী হামলা আগের চেয়েও বেশি মারাত্মক হতে পারে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই বক্তব্য ও যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। একই সঙ্গে এটি পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেও দেখা হচ্ছে।

ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অঞ্চলজুড়ে বাড়তে থাকা সামরিক প্রস্তুতি নতুন সংঘাতের আশঙ্কা তৈরি করছে বলে মনে করছেন কূটনৈতিক মহল।

বায়ান্ননিউজ২৪/আবির

বিশ্ব থেকে আরো পড়ুন