গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ এর সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গোলাপগঞ্জে অনুষ্ঠিত হবে।
বিলেতভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা, সমাজকল্যাণ ও শিক্ষা উন্নয়নে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৩০ নভেম্বর গোলাপগঞ্জ সদর ইউনিয়নের রাণাপিং কালিদাস পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এ পরীক্ষায় সদর ইউনিয়নের ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ১০০ নম্বরের এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও পাঠ্যভিত্তিক দক্ষতা যাচাই করা হয়।
পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের পর নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের জন্য আজকের অনুষ্ঠানে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেবেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল সাজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের শিক্ষক প্রফেসর ড. শামিম খান এবং প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক ও গবেষক ড. রেণু লুৎফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর কার্যনির্বাহী কমিটির সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী আলতা মিয়া।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। এ ধরনের বৃত্তি ও সম্মাননা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে ভালো ফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতেও এই উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
বায়ান্ননিউজ২৪/আব্দুল্লাহ
বাংলাদেশ থেকে আরো পড়ুন