নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এ সংঘর্ষ হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রচারণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ ২ আসনের প্রার্থী ইলিয়াস মোল্লা অভিযোগ করে বলেন, দুপুর সোয়া ১২টার দিকে মোল্লারচর এলাকায় তাদের নারী কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হয়। খবর পেয়ে তিনি ও তার সমর্থকরা ঘটনাস্থলে গেলে স্থানীয় বিএনপি কর্মীরা তাদের ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, নারী কর্মীদের হেনস্তা করা হয়েছে এবং এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন, বিএনপির ব্যানারের পাশে জামায়াতের ব্যানার স্থাপনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়েছিল। তবে কোনো হামলার ঘটনা ঘটেনি। বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে বড় করে প্রচার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
নারায়ণগঞ্জ ২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ নিয়ে যান। উভয় পক্ষই ঘটনাটিকে ভুল বোঝাবুঝি হিসেবে দেখছে। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বায়ান্ননিউজ২৪/আইরিন
বাংলাদেশ থেকে আরো পড়ুন